✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৯:০৪:৫১ |নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে এবার মারা গেলেন মা বিউটি আক্তার (২৪)।
সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে এ ঘটনায় প্রাণ হারিয়েছে তার আট বছরের ছেলে মারুফ। পরিবারের একমাত্র জীবিত সদস্য বাবা মাইদুল ইসলামও গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
হাসপাতালের আবাসিক সার্জন ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে বিউটি আক্তারের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি মারা যান।
মাইদুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থাও সংকটাপন্ন।
গত শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া-চাপাতলী এলাকার একটি টিনের ভাড়া বাসায় ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘরে আগুন ছড়িয়ে পড়লে মাইদুল, তাঁর স্ত্রী বিউটি ও ছেলে মারুফ দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
স্বজনেরা জানান, নিহত বিউটি আক্তার ও তার পরিবারের গ্রামের বাড়ি নাটোরে। কাজের সন্ধানে প্রায় এক বছর আগে তারা নারায়ণগঞ্জের বন্দরে আসেন। পরে কুড়িপাড়া-চাপাতলী এলাকায় একটি টিনের ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন।