✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৭:৫৪:১৮ |তারকায় ঠাসা আর্সেনালের মাঝমাঠে নতুন করে যোগ হয়েছে আরও এক বড় নাম। নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারাইসকে দলে ভিড়িয়ে দারুণ উচ্ছ্বসিত কোচ মিকেল আর্তেতা। তাঁর বিশ্বাস, গিমারাইস দলে নতুন শক্তি ও ভিন্ন মাত্রা যোগ করবেন।
সাড়ে সাত কোটি পাউন্ডে নিউক্যাসল থেকে গিমারাইসকে দলে নিয়েছে আর্সেনাল। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে ইংলিশ ক্লাবটির চুক্তি হয়েছে চার বছরের।
রবিবার এমিরেটস কাপে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের সমর্থকদের সামনে গিমারাইসকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় আর্সেনাল। নতুন তারকাকে স্বাগত জানাতে গ্যালারিতে উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকেরা।
গত মৌসুমে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতা আর্সেনালের মাঝমাঠে এরই মধ্যে রয়েছেন ডেক্লান রাইস, মার্টিন ওদেগার্ড, মিকেল মেরিনো, মার্তিন সুবিমেন্দি ও এবেরেচি এজের মতো খেলোয়াড়। এরপরও গিমারাইসকে দলে পেতে আগ্রহী ছিলেন আর্তেতা।
আর্সেনালের ওয়েবসাইটে গিমারাইসকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান স্প্যানিশ কোচ। তিনি বলেন, গিমারাইস একজন ‘যোদ্ধা’, যার মধ্যে নেতৃত্ব, ক্যারিশমা ও অসাধারণ ফুটবলীয় গুণ রয়েছে। তাঁর উপস্থিতি দলের মধ্যে ভিন্ন কিছু করার অনুপ্রেরণা তৈরি করবে বলেও মনে করেন আর্তেতা।
তবে নতুন মৌসুমের আগে প্রস্তুতি পর্বে ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে হেরেছে আর্সেনাল। এর আগে রিয়াল বেতিসের কাছেও হেরেছিল তারা।
ডর্টমুন্ডের বিপক্ষে হারের পর দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেন আর্তেতা। বিশেষ করে সেট পিস, রক্ষণ এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সময়জ্ঞান ঠিকভাবে কাজে লাগাতে না পারায় অসন্তোষ জানান তিনি।
তবে আক্রমণভাগের কিছু ইতিবাচক দিকও দেখেছেন আর্সেনাল কোচ। তাঁর মতে, দল বেশ কিছু ভালো আক্রমণ তৈরি করেছে এবং গোলের সুযোগও পেয়েছে। কিন্তু শেষ পাসের দুর্বলতায় সেসব সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি।
প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে আগামী রবিবার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের আনুষ্ঠানিক অভিযান শুরু করবে আর্সেনাল। এরপর ২১ আগস্ট কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার লড়াই।