✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ১৪:২০:০৬ |মধ্যবয়সে দীর্ঘ সময় টেলিভিশন দেখার অভ্যাস ভবিষ্যতে মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সে যারা বেশি সময় টেলিভিশন দেখতেন, কয়েক দশক পর তাঁদের মস্তিষ্কের চিন্তাভাবনা ও ভাষাগত দক্ষতার সঙ্গে যুক্ত কিছু অংশের আকার স্বাভাবিকের তুলনায় ছোট দেখা গেছে।
সম্প্রতি আলঝেইমার অ্যান্ড ডিমেনশিয়া সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অধীন একটি দীর্ঘমেয়াদি গবেষণার অংশ। এতে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ অংশ নেন। তাঁদের বয়স ছিল ৪৫ থেকে ৬৪ বছর এবং গড় বয়স ৫৩ বছর।
গবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের গত এক বছরে তাঁরা কতটা টেলিভিশন দেখেছেন, তা জানতে চাওয়া হয়। এর জন্য কখনোই না, কদাচিৎ, মাঝেমধ্যে, প্রায়ই এবং খুব ঘন ঘন এই পাঁচটি বিকল্প দেওয়া হয়েছিল। এরপর দুই দশকের বেশি সময় পর তাঁদের মস্তিষ্কের এমআরআই করা হয়।
এতে দেখা যায়, যারা খুব ঘন ঘন টেলিভিশন দেখতেন, তাঁদের মস্তিষ্কের কিছু অংশের আকার তুলনামূলকভাবে ছোট ছিল। এসব অংশ চিন্তাভাবনা ও ভাষাগত দক্ষতার সঙ্গে যুক্ত। একই সঙ্গে আলঝেইমার রোগের প্রাথমিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকা কিছু অংশেও আকারগত পরিবর্তন দেখা গেছে।
গবেষকেরা মস্তিষ্কে এমন কিছু পরিবর্তনেরও সন্ধান পেয়েছেন, যেগুলোর সঙ্গে ভবিষ্যতে রক্তনালির ক্ষতির সম্পর্ক রয়েছে। এসব পরিবর্তন ডিমেনশিয়ার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
শুধু টিভি দেখাই নয়, কতক্ষণ দেখা হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়মিত ব্যায়াম ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। তবে গবেষণার ফল বলছে, কেউ নিয়মিত ব্যায়াম করলেও যদি দীর্ঘ সময় টেলিভিশনের সামনে বসে থাকেন, তাহলে মস্তিষ্কের স্বাস্থ্যের অবনতির ঝুঁকি পুরোপুরি এড়ানো নাও যেতে পারে।
তবে এর অর্থ এই নয় যে টেলিভিশন দেখা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, খেলাধুলার অনুষ্ঠান বা চলচ্চিত্র দেখা মানসিক স্বস্তি দিতে পারে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কও দৃঢ় করতে পারে। কিন্তু দীর্ঘ সময় টিভি দেখতে গিয়ে যদি ব্যায়াম, পড়াশোনা বা সামাজিক কর্মকাণ্ড কমে যায়, তাহলে তা মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে।
গবেষণায় অফিসে বসে কাজ করার সঙ্গে দীর্ঘক্ষণ টেলিভিশন দেখার পার্থক্যও পাওয়া গেছে। গবেষকদের মতে, অফিসের কাজে ই-মেইল আদান-প্রদান, সহকর্মীদের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন ধরনের মানসিক কর্মকাণ্ড থাকে। ফলে মস্তিষ্ক তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকে। অন্যদিকে টেলিভিশন দেখার সময় মূলত তথ্য গ্রহণ করা হয়।
তবে দীর্ঘ সময় টেলিভিশন দেখার কারণেই যে মস্তিষ্কের কিছু অংশের আকার কমে যায়, তা নিশ্চিতভাবে বলেননি গবেষকেরা। তাঁদের মতে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ওজন, শারীরিক কর্মকাণ্ড, ধূমপান, মদ্যপান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো বিষয়ও এ ধরনের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
সূত্র: সিএনএন