সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ১৩:২৯:২৯ |

যারা কনটেন্ট নির্মাণ করেন তাদের আয়ের সুযোগ দিতে নতুন রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে এক্স। ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’ নামের এই প্রোগ্রামের আওতায় শুধুমাত্র মৌলিক লেখা, প্রতিবেদন, ছবি, ভিডিও, মিমসহ বিভিন্ন সৃজনশীল কনটেন্টের জন্য নির্মাতাদের অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের বিদ্যমান ‘রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে এক্স। ফলে নিম্নমানের বা অনুলিপি কনটেন্ট জনপ্রিয়তা পেলেও সেখান থেকে আর আয় করা যাবে না—এমনটাই স্পষ্ট করেছে প্ল্যাটফর্মটি।

এক্সের তথ্যমতে, অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রামের আওতায় নির্মাতারা তাদের কনটেন্টের যোগ্য প্রদর্শনের ভিত্তিতে অর্থ আয় করতে পারবেন। নিজের লেখা বা প্রতিবেদন, নিজে তোলা ছবি ও ভিডিও এবং নিজে তৈরি করা মিম বা ইলাস্ট্রেশনকে মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচনা করবে এক্স।

অন্যের তৈরি কনটেন্ট ব্যবহার করেও নতুন কর্মসূচির আওতায় অর্থ আয় করা সম্ভব। তবে সে ক্ষেত্রে শুধু কনটেন্ট পুনরায় প্রকাশ করলেই হবে না। এর সঙ্গে অর্থবহ মন্তব্য, বিশ্লেষণ বা নিজস্ব দৃষ্টিভঙ্গি যুক্ত করতে হবে। অন্যের ছবি বা ভিডিওতে সৃজনশীল সম্পাদনা করলেও সেটি মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচিত হতে পারে। তবে শুধু ক্যাপশন বা লেখা যুক্ত করে অন্যের কনটেন্টে কী ঘটছে, তা বর্ণনা করলে সেটি মৌলিক কনটেন্ট হিসেবে গণ্য হবে না। অর্থাৎ অন্যের কনটেন্টে কোনো উল্লেখযোগ্য নতুনত্ব বা মূল্য যোগ না হলে সেটি থেকে আয় করার সুযোগ থাকবে না।

অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রামে অংশ নিতে কনটেন্ট নির্মাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। শুধু তা-ই নয়, আয়ের কর্মসূচি চালু রয়েছে এমন দেশে বসবাসের পাশাপাশি এক্সের প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস অথবা প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রিপশন ব্যবহার করতে হবে। ব্যবহারকারীর অন্তত ৫০০ জন ভেরিফায়েড ফলোয়ার এবং গত ৯০ দিনে যাচাই করা ব্যবহারকারীদের কাছ থেকে হোম টাইমলাইনে অন্তত ৫ লাখ ভিউ থাকতে হবে। আয়ের হিসাবেও কিছু শর্ত রেখেছে এক্স। নির্মাতার কনটেন্টের মোট ভিউয়ের ক্ষেত্রে শুধু প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া মতামতকে বিবেচনা করা হবে।

গত মার্চে রেভিনিউ শেয়ারিং বা আয় ভাগাভাগির কর্মসূচিতে পরিবর্তন এনেছিল এক্স। তখন ব্যবহারকারীর নিজ অঞ্চলের দর্শকদের কাছ থেকে পাওয়া সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়া কিছু জনপ্রিয় অ্যাকাউন্ট নিয়ে বিতর্কের পর এই পরিবর্তন আনা হয়েছিল বলে ধারণা করা হয়। চলতি বছরের শুরুতে জানা যায়, যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে পোস্ট করা বেশ কিছু জনপ্রিয় অ্যাকাউন্টের পরিচালকেরা আসলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন না। তবে নতুন রিওয়ার্ড প্রোগ্রামে আগের মতো ব্যবহারকারীর নিজ অঞ্চলের দর্শকদের সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি এক্স। সূত্র: এনগ্যাজেট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..