সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১৯:৫৬:৩১ |
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ নিয়ে ফিফা ও উয়েফার দ্বন্দ্ব এবার আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে। বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার আইনি লড়াইয়ের দিকে গড়াচ্ছে। এবার ফিফা সভাপতি এবং সংশ্লিষ্ট কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সম্ভাব্য প্রাক-আইনি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংশ্লিষ্ট সব নথি, ই-মেইল ও বার্তা সংরক্ষণের কড়া নির্দেশও দিয়েছে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ইনফান্তিনোর কাছে পাঠানো চিঠিতে উয়েফা জানিয়েছে, প্রস্তাবিত 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' প্রকল্পকে কেন্দ্র করে আদালতে মামলা, সালিশি প্রক্রিয়া এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের বিষয়টি তারা সক্রিয়ভাবে বিবেচনা করছে।

ফিফার প্রস্তাব অনুযায়ী, নতুন প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ এর মাধ্যমে বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক অধিকার ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ছিল। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশ কুশনারের নেতৃত্বাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল এবং বহুজাতিক ব্যাংক জেপি মরগান যুক্ত ছিল।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইনফান্তিনোর পাশাপাশি জোশ কুশনার, গ্রেগ মাফেই, জেপি মরগান এবং ওপেন ইকোনমিক্সের কাছেও পৃথক চিঠি পাঠিয়েছে উয়েফা। চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ‘উয়েফা আনুষ্ঠানিকভাবে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ, সালিশি এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দায়েরের বিষয়টি বিবেচনা করছে।’

চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ফিফা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্প-সংক্রান্ত সব ধরনের নথি, ই-মেইল, বার্তা ও ইলেকট্রনিক তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। উয়েফা সতর্ক করে বলেছে, নোটিশ পাওয়ার পর যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রাসঙ্গিক তথ্য মুছে ফেলে, পরিবর্তন করে, গোপন করে কিংবা ধ্বংসের চেষ্টা করে, তাহলে সেটিকে প্রমাণ নষ্ট করার চেষ্টা হিসেবে বিবেচনা করা হতে পারে।

ইনফান্তিনোর পাশাপাশি যাদের নথিপত্র সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে, তারা হলেন আর্সেন ভেঙ্গার (ফিফা গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান), মাতিয়াস গ্রাফস্ট্রোম (ফিফা সেক্রেটারি জেনারেল), কেভিন লামুর (ফিফা চিফ অপারেটিং অফিসার)।

ফিফার প্রকল্প ঘোষণার পর থেকেই উয়েফা এর তীব্র বিরোধিতা করে আসছিল। গত সপ্তাহে সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছিল, পরিকল্পনাটি প্রত্যাহার না করা হলে তাদের অধীনস্থ ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বয়কটের বিষয়টিও বিবেচনা করবে। পরে ফিফা পরিকল্পনাটি এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত জানালেও, ইনফান্তিনোর নেতৃত্ব, প্রশাসনিক স্বচ্ছতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে তাদের উদ্বেগ দূর হয়নি বলে জানিয়েছে উয়েফা।

দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, পরবর্তী আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নির্ধারণে খুব শিগগিরই জরুরি বৈঠকে বসবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..