হ্যাটট্রিক জয়ের পরও কলকাতার সামনে কঠিন সমীকরণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৯:৫২:১০ |
টানা তিন ম্যাচ জিতে আবার আইপিএলের আলোচনায় কলকাতা নাইট রাইডার্স। রাস্তা কঠিন হলেও এখনও প্লে অফে ওঠার সুযোগ রয়েছে তিন বারের চ্যাম্পিয়নদের সামনে। প্লে অফে যেতে অজিঙ্কা রাহানেদের বাকি সব ম্যাচ জিততে হবে। ফলে পরিস্থিতি এখনও তাদের নিয়ন্ত্রণের বাইরে নয়।

৯টি ম্যাচ খেলে তিনটি জিতেছে কেকেআর। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। ৭ পয়েন্ট নিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছেন রাহানেরা। প্লে অফ খেলতে হলে প্রথম চার দলের মধ্যে থাকতে হবে। কেকেআরের বাকি রয়েছে পাঁচটি ম্যাচ। সবগুলো জিতলে সর্বোচ্চ ১৭ পয়েন্টে পৌঁছাবে কলকাতা। একটি ম্যাচ হারলেও ১৫ পয়েন্ট হবে কেকেআরের।

দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস ৯ ম্যাচে ৮ পয়েন্ট করে পেয়েছে। নেট রান রেটে দিল্লির চেয়ে ভালো জায়গায় কেকেআর। ৫ মে এই দুই দল মুখোমুখি হবে। ফলে কোনও একটি দলের পয়েন্ট ৮ থেকে যাবে। আবার শেষ দুই স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচ ৪ মে। যে দলই জিতুক কেকেআরকে টপকাতে পারবে না। কারণ দুই দলেরই এখনও পর্যন্ত সংগ্রহ ৪ পয়েন্ট করে। ফলে আপাতত পয়েন্ট তালিকায় অষ্টম স্থান নিশ্চিত কেকেআরের।

১০ দলের আইপিএল হওয়ার পর একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৪ সালে ১৪ পয়েন্ট নিয়ে প্লেঅফে পৌঁছেছিল। এর চেয়ে কম পয়েন্ট নিয়ে কোনও দল শেষ চারে যেতে পারেনি। অঙ্কের হিসাবে তাই ১৫ পয়েন্ট পেলেও সুযোগ থাকতে পারে রাহানেদের।

এই মুহূর্তে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পাঞ্জাব কিংস। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স। তিনটি দলেরই ১০টি করে ম্যাচ খেলে ১২ পয়েন্ট পয়েছে। প্রতিটি দলের চারটি করে ম্যাচ বাকি। দুটি করে ম্যাচ জিতলেই ১৬ পয়েন্টে পৌঁছে যাবে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা তিনটি দল। তাই এ বার প্লে অফে যাওয়ার জন্য ১৫ পয়েন্ট যথেষ্ট হবে না। তাই রাহানেদের বাকি পাঁচটি ম্যাচই জিততে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..