ইসরায়েলের কারাগারে দীর্ঘ এক বছর নির্যাতনের শিকার হয়ে প্রায় ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আলি সামোদি। কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক থাকার পর গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মুক্তি পান তিনি।
মুক্তির পর সামোদির শারীরিক অবস্থা দেখে বিস্মিত হন অনেকেই। আটকের আগে সুস্বাস্থ্যের অধিকারী থাকলেও বর্তমানে তাকে অত্যন্ত দুর্বল ও রুগ্ন দেখাচ্ছে। তিনি ফিলিস্তিনের জেনিন এলাকায় সাংবাদিকতা করতেন এবং স্থানীয়দের কাছে বেশ পরিচিত ছিলেন।
গত বছরের ২৯ এপ্রিল জেনিন থেকে ইসরায়েলি সেনাবাহিনী তাকে আটক করে। সে সময় অভিযোগ করা হয়, তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদকে অর্থায়নে সহায়তা করেছেন। তবে এ অভিযোগে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। পরিবর্তে তাকে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন’ ব্যবস্থার আওতায় আটক রাখা হয়।
এই বিতর্কিত ব্যবস্থার মাধ্যমে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে অভিযোগ ও বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। বিষয়টি এতটাই সমালোচিত যে গত বছর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসরায়েলি নাগরিকদের ক্ষেত্রে এই আইন প্রয়োগ না করার নির্দেশ দেন। বর্তমানে এটি মূলত ফিলিস্তিনি ও আরব ইসরায়েলিদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে।
