চেলসি উইঙ্গার মিখাইলো মুদ্রিক ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কর্তৃক আরোপিত চার বছরের ডোপিং নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করেছেন। খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রগুলো আশা প্রকাশ করেছে, এই আপিলের প্রেক্ষিতে আগামী মৌসুমের শুরুতেই তিনি আবার মাঠে ফিরতে পারেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে কোর্ট অব আরবিট্রেশন নিশ্চিত করেছে যে, ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি মুদ্রিক ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একটি আপিল দাখিল করেছেন। বর্তমানে উভয় পক্ষ লিখিত বক্তব্য বিনিময় করছে এবং শুনানির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
মুদ্রিকের পক্ষে আইনি লড়াই পরিচালনা করছে মরগ্যান স্পোর্টস ল ফার্ম। প্রতিষ্ঠানটি এর আগে পল পগবার ডোপিং মামলায় কাজ করেছিল, যখন তিনি জুভেন্টাসের হয়ে খেলছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি বক্সার তাইসন ফুরি এবং সাইক্লিস্ট ক্রিস ফ্রুমের তদন্তকালীন সময়েও আইনি সহায়তা প্রদান করে।
মুদ্রিক অভিযুক্ত হয়েছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে। একটি নমুনায় নিষিদ্ধ বস্তুর উপস্থিতি ধরা পড়ার পর ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করে। ওই সময় মুদ্রিক নিশ্চিত করেন যে, একটি রুটিন অ্যান্টি-ডোপিং পরীক্ষার সময় নেওয়া প্রস্রাবের নমুনায় ‘অপ্রত্যাশিত ফলাফল’ এসেছিল। ইউক্রেন জাতীয় দলের এই তারকা বলেন, এটি ছিল একেবারে ‘অপ্রত্যাশিত’, কারণ তিনি কখনও ইচ্ছাকৃতভাবে কোনো নিষিদ্ধ বস্তু গ্রহণ করেননি।
২৪ বছর বয়সি মুদ্রিক ২০২৩ সালের জানুয়ারিতে ৬২ মিলিয়ন পাউন্ডের (১ হাজার ১৯ কোটি টাকারও বেশি) বিনিময়ে চেলসিতে যোগ দেন। তার নমুনায় নিষিদ্ধ বস্তুর উপস্থিতি ধরা পড়ার পর থেকেই নিষেধাজ্ঞায় মাঠের বাইরে আছেন তিনি। এফএ তাকে ৪ বছরের নিষেধাজ্ঞা দেয় ২০২৫ সালের জুনে।
এ জাতীয় আরো খবর..