সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ১০:৪৮:২২ |
জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর মরণাস্ত্র ব্যবহারের প্ররোচনা ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই আদেশের মাধ্যমে নির্ধারিত হবে, দুই নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হবে কি না।

এর আগে গত ২ মার্চ প্রসিকিউশন দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে।

শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেন, তৎকালীন সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ও মেনন বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন এবং নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, তাদের নির্দেশনা ও ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ১১ মার্চ শুনানিতে দুই আসামির অব্যাহতি (ডিসচার্জ) চান।

তিনি দাবি করেন, প্রসিকিউশন তাদের বিরুদ্ধে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং হত্যাকাণ্ডে সম্পৃক্ততারও প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে।

উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল ৩০ এপ্রিল আদেশের দিন ধার্য করেন। এর আগে নির্ধারিত সময় পরিবর্তন করে এ তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন কামরুল ইসলাম। এরপর থেকে তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..