চিরপ্রতিদ্বন্দ্বী দুদল ভারত-পাকিস্তানের খেলা মানেই মাঠ কিংবা মাঠের বাইরে থাকে টানটান উত্তেজনা। এবার সেই উত্তেজনায় ঘি ঢেলে দিলেন পাকিস্তানি ব্যাটার হাসান নেওয়াজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ক্রিকেটার সরাসরি বলেছেন, ভারতের সব বোলারকে ঘৃণা করেন তিনি এবং সুযোগ পেলেই তাদের ওপর চড়াও হতে চান।
পাকিস্তানের হয়ে ২৫টি টি-টোয়েন্টি এবং ৪টি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যানকে যখন প্রশ্ন করা হয়েছিল কোন ভারতীয় বোলারের বিরুদ্ধে তিনি বেশি রান নিতে চান, তখন তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলা মানেই আলাদা মোটিভেশন। আপনি স্বাভাবিকভাবেই চাইবেন তাদের বোলারদের আক্রমণ করতে। সত্যি বলতে, আমি ভারতের সব বোলারকেই ঘৃণা করি। ইনশাআল্লাহ, সুযোগ পেলে ভবিষ্যতে আমি সেটাই (আক্রমণ) করার চেষ্টা করব।’
হাসান আরও যোগ করেন, ম্যাচের পরিস্থিতি বুঝে তিনি ব্যাটিং করেন এবং প্রয়োজন পড়লে প্রতি ওভারে ১৫ রান নেওয়ার চ্যালেঞ্জও তিনি গ্রহণ করতে প্রস্তুত। তার মতে, আন্তর্জাতিক স্তরের সব বোলারই বিশ্বমানের, তাই নির্দিষ্ট কাউকে নয় বরং পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা সাজান তিনি।
হাসান নেওয়াজ বড় বড় কথা বললেও ভারতের বিপক্ষে তার রেকর্ড কিন্তু মোটেও উজ্জ্বল নয়। ভারতের বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে তিনি মাত্র ৫ রান করে আউট হয়েছিলেন। গত বছরের নভেম্বরে পাকিস্তানের হয়ে শেষবার মাঠে নামা হাসান বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে ১০ ইনিংসে ২৯১ রান করে আবার ফেরার লড়াই চালাচ্ছেন তিনি।
হাসানের এই মন্তব্য প্রকাশের পর থেকেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। ভারতের ক্রিকেট ভক্তরা তো বটেই, অনেক পাকিস্তানি সমর্থকও তার এই বিদ্বেষমূলক শব্দের ব্যবহারের সমালোচনা করেছেন। যেখানে রশিদ লতিফের মতো কিংবদন্তিরা ভারতের ধারাবাহিক উন্নতির প্রশংসা করছেন, সেখানে হাসানের এমন মন্তব্যকে অপেশাদার হিসেবেই দেখছেন অনেকে।