ফেনীতে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’ বা ক্লাউডবার্স্টের ঘটনা ঘটেছে। স্মরণকালের ভয়াবহ মেঘ বিস্ফোরণে বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন। শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে শহরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
টানা এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চলতি বছরের সর্বোচ্চ ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, টানা বর্ষণের ফলে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন পণ্য।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, টানা বর্ষণের ফলে ড্রেন ও খাল দিয়ে পানি ধীরগতিতে নামছে। তাই শহরের বিভিন্ন সড়কে জলামগ্নতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসনে ফেনী পৌরসভার ১২টি টিম কাজ করছে। আগামী এক ঘণ্টার মধ্যে সড়ক ও পাড়া-মহল্লার পানি নেমে যাবে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ‘মেঘ বিস্ফোরণ’ (Cloudburst) হলো স্বল্প সময়ে খুব ছোট এলাকায় অস্বাভাবিক এবং প্রচণ্ড পরিমাণের বৃষ্টিপাত, যা সাধারণত পাহাড়ি এলাকায় ঘটে। এতে এক ঘণ্টায় প্রায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে, যার ফলে হঠাৎ বন্যা, ভূমিধস ও ভয়াবহ বিপর্যয় নেমে আসে। এই আকস্মিক দুর্যোগে কয়েক মিনিটের মধ্যেই রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে যেতে পারে।
এ জাতীয় আরো খবর..