শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সাফা কবির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৪:১৫:২৫ |
ওয়েব ফিল্ম ‘চা গরম’-এ ডাক্তার আইরিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ানো অভিনেত্রী সাফা কবির এবার আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। সম্প্রতি তিনি নিজের নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে দেখা গেছে প্রকৃতির সবুজ আবহে একেবারে স্বপ্নময় ও নান্দনিক লুকে।



নতুন এই ফটোশুটে সাফা কবিরকে দেখা যায় সাদা অরগাঞ্জা শাড়িতে। শাড়িটির ওপর হাতের কাজের সবুজ ফুলেল নকশা এবং হলুদ-সাদা ফুলের সূক্ষ্ম ডিজাইন পুরো লুকে এনে দিয়েছে এক ধরনের শান্ত, কোমল ও রূপকথার আবহ।



সবুজের ছোঁয়া আর সাদার বিশুদ্ধতা মিলিয়ে তার উপস্থিতি হয়ে উঠেছে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত। শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন হল্টারনেক স্লিভলেস ব্লাউজ, যা পুরো সাজে যুক্ত করেছে আধুনিক স্টাইলের ছোঁয়া। অন্যদিকে ঐতিহ্য ধরে রাখতে হাতে পরেছেন সবুজ-সাদা কাঁচের চুড়ি এবং গোল্ড ফিনিশের কুন্দন-স্টাইল ঝুমকা, যার সঙ্গে ঝুলন্ত সবুজ বিডস লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।



সাফার মেকআপে ছিল স্বাভাবিক ও হালকা গ্ল্যামারের ছোঁয়া। ন্যুড লিপস্টিক, পাতলা আইলাইনার এবং হালকা গোলাপি ব্লাশ তার মুখশ্রীকে দিয়েছে এক স্বচ্ছ ও স্নিগ্ধ আবহ। মাঝখান থেকে খোলা চুলের সফট কার্ল পুরো লুককে করেছে আরও নরম ও প্রাণবন্ত।



ফটোশুটের ব্যাকগ্রাউন্ডেও ছিল প্রকৃতির বিচিত্র সৌন্দর্য। কোথাও সবুজ বাগানের মাঝে, আবার কোথাও পদ্মপুকুরের জলে ভাসমান নৌকায়- প্রতিটি ফ্রেমেই ধরা পড়েছে এক শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ।

সবুজ জুত্তি ও প্রাকৃতিক রঙের পরিবেশ তার পুরো স্টাইলকে করেছে আরও সামঞ্জস্যপূর্ণ ও চোখ ধাঁধানো। শাড়ির আঁচলে বড় করে লেখা ছিল ‘চা গরম’, যা তার অভিনীত চরিত্রের সঙ্গে তৈরি করেছে এক ভিজ্যুয়াল সংযোগ। ফলে এই ফটোশুট শুধু ফ্যাশন নয়, বরং তার সাম্প্রতিক কাজের সঙ্গেও একটি গল্পের যোগসূত্র তৈরি করেছে।



পুরো ফটোশুটটি ধারণ করেছেন আলোকচিত্রী পূর্ণ দাশ। প্রকৃতি, আলো এবং ফ্যাশন- এই তিনের সমন্বয় তিনি খুব সুন্দরভাবে ফ্রেমবন্দি করেছেন, যা ছবিগুলোকে দিয়েছে আলাদা শিল্পময়তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..