বিতর্কিত গানের পর ৫০ আদিবাসী কন্যার শিক্ষার দায়িত্ব নিলেন সঞ্জয়!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৪:১৪:৩৬ |
বিতর্কিত গানের জেরে সমালোচনার মুখে পড়ে অবশেষে সরব হলেন সঞ্জয় দত্ত। সম্প্রতি একটি শুনানিতে উপস্থিত হয়ে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন তিনি। ‘কেডি: দ্য ডেভিল’ ছবির একটি গানকে ঘিরে নারীর উপস্থাপনাকে নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি পৌঁছায় জাতীয় মহিলা কমিশন-এর দরজায়।

কমিশনের ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে সঞ্জয় দত্ত জানান, যদি তার কাজের মাধ্যমে সমাজে কোনো নেতিবাচক প্রভাব পড়ে থাকে, তবে তা অনিচ্ছাকৃত এবং তিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তিনি স্বীকার করেন, শিল্পের মাধ্যমে সমাজে যে বার্তা যায়, তা নিয়ে আরও সংবেদনশীল হওয়া জরুরি।

এই বৈঠকে কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর-এর নেতৃত্বে গানের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নারীর মর্যাদা ও উপস্থাপনাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।



শুধু দুঃখপ্রকাশেই থেমে থাকেননি সঞ্জয় দত্ত। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫০ জন আদিবাসী কন্যা শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে কাজের ক্ষেত্রে নারীর মর্যাদা বজায় রাখতে চুক্তিপত্রে বিশেষ শর্ত যুক্ত করার কথাও জানান এই অভিনেতা।

এই বিতর্কে জড়িয়ে পড়া অন্য সদস্যরাও ইতিমধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। পরিচালক, গীতিকার ও প্রযোজনা সংশ্লিষ্ট ব্যক্তিরাও কমিশনের সামনে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন।

অন্যদিকে, এই গানের সঙ্গে যুক্ত অভিনেত্রী নোরা ফাতেহি বিদেশে থাকায় শুনানিতে উপস্থিত থাকতে পারেননি এবং নতুন তারিখ চেয়েছেন বলে জানা গেছে।

সমালোচনার জেরে বিতর্কিত গানটি ইতিমধ্যেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি আবারও সামনে এনে দিল, সৃজনশীল স্বাধীনতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সংবেদনশীলতার গুরুত্ব কতটা বেশি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..