বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন নিয়ে কী বললেন আলভারেজ?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৪:০৭:২৬ |
এই গ্রীষ্মে আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে কাজ শুরু করেছে বার্সেলোনা। তাকে নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের অবস্থান কী, তাও জানার চেষ্টা করছে তারা। এমন তথ্য ইএসপিএন-কে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ক্লাবের জন্য নতুন নাম্বার নাইন খুঁজছেন। আগামী মৌসুমে লামিনে ইয়ামাল ও রাফিনহার সঙ্গে তিন জনের আক্রমণভাগে আলভারেজকে আদর্শ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু লা লিগার শীর্ষ দলটি জানে, এই চুক্তি সহজ হবে না। আর্থিক জটিলতা ছাড়াও আর্জেন্টিনার আন্তর্জাতিক তারকাকে ছাড়তে অ্যাতলেটিকোর অনীহা তাদের সামনে বড় বাধা। ইএসপিএন গত জানুয়ারিতে জানিয়েছিল, প্রিমিয়ার লিগ দল আর্সেনালও এই গ্রীষ্মে আলভারেজের সঙ্গে চুক্তি করতে আগ্রহী।

২০২৪ সালে ২৬ বছর বয়সী আলভারেজকে ম্যানসিটি থেকে দলে টানে অ্যাতলেটিকো। সব মিলিয়ে তার চুক্তিমূল্য ছিল ৯ কোটি ৫০ লাখ ইউরো। ২০৩০ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার চুক্তি, যেখানে রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো।



ইএসপিএন বলছে, এই মৌসুমে তাকে না ছাড়তে ২০৩২ সাল পর্যন্ত চুক্তির প্রস্তাব দেবে অ্যাতলেটিকো। এদিকে লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের বাইরে থেকে কার্যক্রম চালানোর কারণে বার্সার ব্যয়ের পরিমাণকে সীমিত করে রেখেছে। এ কারণে স্প্যানিশ রাজধানী থেকে আর্জেন্টাইন স্ট্রাইকারকে ছিনিয়ে নেওয়াটা তাদের জন্য বেশ কঠিন।

তবুও বার্সা লিগের নিয়মনীতির মধ্যে থেকেই এই দলবদল সারতে আশাবাদী। সেক্ষেত্রে দলবদলে আলভারেজের ইচ্ছা বেশি প্রাধান্য পাবে। যেমনটা হয়েছিল অ্যাতলেটিকো থেকে আন্তোয়ান গ্রিজম্যানের বার্সায় আসার ক্ষেত্রে।

যদিও আলভারেজ বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনকে ‘মিথ্যের স্তুপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘বার্সেলোনায় যাওয়া? গণমাধ্যমে যা বলা হচ্ছে আমি সেগুলোকে খুব বেশি গুরুত্ব না দেওয়ার চেষ্টা করছি। কারণ সত্যিটা হলো প্রত্যেক সপ্তাহে নতুন নতুন বিষয় আসে এবং সব ধরনের নতুন তথ্য চারপাশে ঘুরতে থাকে।’

তিনি বলে গেলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যা বলা হচ্ছে আমি চেষ্টা করছি সেগুলোকে খুব বেশি গুরুত্ব না দিতে... কারণ এগুলো প্রায়শই মিথ্যের স্তূপে পরিণত হতে শুরু করে। আমি এটার পেছনে শক্তি নষ্ট করতে চাই না। অ্যাতলেটিকোতে আমরা যা করছি, যে গুরুত্বপূর্ণ স্বপ্নের জন্য লড়ছি, সেদিকেই মনোযোগ আমার।’

চলতি মৌসুমে দারুণ ফর্মে আলভারেজ। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে দলকে সেমিফাইনালে তুলতে বড় অবদান তার। ১৩ ম্যাচে ৯ গোল করেছেন এই স্ট্রাইকার। আর ২৯টি লা লিগা খেলে ৮ গোল তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..