মডেল ৩ গাড়িতে ১ বছরের ফ্রি চার্জিং সুবিধার অফার টেসলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৭, | ২৩:০৫:১৭ |
তুন মডেল ৩ গাড়ির ক্রেতাদের জন্য বিশেষ অফার এনেছে টেসলা। সীমিত সময়ের জন্য আবারও উত্তর আমেরিকার গ্রাহকদের এক বছরের ফ্রি চার্জিং সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

এর আগে, ২০১৮ সালে কোম্পানিটি এ মডেলের গাড়িটির জন্য ফ্রি সুপারচার্জিং সুবিধা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তবে এরপর থেকে বিভিন্ন সময়ে প্রচারণার অংশ হিসেবে তারা গ্রাহকদের এই বিশেষ সুবিধা দিয়ে আসছে।

২০১৯ সালে তারা কয়েকবার মডেল এস ও মডেল এক্স এর জন্য ফ্রি সুপারচার্জিং সুবিধা ফিরিয়ে এনেছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা কোম্পানিটির সর্বশেষ এ অফারটি কেবল উত্তর আমেরিকার মডেল ৩ প্রিমিয়াম বা পারফরম্যান্স গাড়ি ক্রেতাদের জন্য।

ওয়েবসাইটে টেসলা বলেছে, নতুন মডেল ৩ প্রিমিয়াম বা পারফরম্যান্স গাড়ি কিনলে এক বছরের জন্য ফ্রি সুপারচার্জিং সুবিধা মিলবে। তবে কোম্পানিটি সতর্ক করে বলেছে, এ অফারটি ‘যে কোনো সময় পরিবর্তিত বা বন্ধ হতে পারে’।

মার্কিন সংবাদভিত্তিক ওয়েবসাইট ইলেকট্রেক বলেছে, টেসলার এমন পদক্ষেপ আসলেই বাড়তি পাওনা। তবে যারা বাড়িতেই গাড়ি চার্জ করেন তাদের জন্য এমন অফার গাড়ি কেনার ক্ষেত্রে খুব বড় কোনো কারণ হওয়ার সম্ভাবনা কম।

অন্যদিকে, যাদের বাড়িতে চার্জিংয়ের সুবিধা নেই তাদের জন্য এ অফারটি সাশ্রয়ী হতে পারে।

ফ্রি সুপারচার্জিং সুবিধাটি গাড়ি বুঝে পাওয়ার মুহূর্ত থেকেই শুরু হবে। তবে তা পরে ব্যবহারের জন্য জমিয়ে রাখা যাবে না বা এর বিনিময়ে নগদ অর্থ দাবি করা যাবে না।

এ ছাড়া গাড়ির মালিকদের কিছু নির্দিষ্ট ফি দিতে হবে। যেমন, ব্যস্ত স্টেশনে ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হওয়ার পরও গাড়ি প্লাগড-ইন করা থাকলে টেসলার নিয়ম অনুসারে ‘কনজেশন ফি’ বা জটলা কমানোর ফি দিতে হবে।

এ অফারটি রাইডশেয়ারিং, ট্যাক্সি বা ডেলিভারি পরিষেবার মতো বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আর যারা পুরানো তেলচালিত গাড়ি বদলে দুই হাজার মাইল সুপারচার্জিং বোনাস পেয়েছেন তারা প্রথমে এক বছরের ফ্রি সুবিধাটি ভোগ এবং বছর শেষ হওয়ার পর ওই বোনাস মাইলগুলো ব্যবহার করতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..