সবশেষ আট ম্যাচে সাতটিতেই হেরে বসেছিল চেলসি, একমাত্র জয় এসেছিল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে। সেই একই প্রতিযোগিতার সেমিফাইনালে এবার লিডস ইউনাইটেডকে হারিয়ে অবশেষে স্বস্তির হাসি ফিরল চেলসি শিবিরে।
টানা ব্যর্থতার কারণে চার দিন আগে প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করে ক্লাবটি। এরপর অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেনের অধীনে খেলতে নেমে দলটি খারাপ সময় কাটিয়ে জয়ে ফিরতে সক্ষম হলো।
প্রিমিয়ার লিগে কোনো গোলের দেখা না পেয়ে টানা পাঁচ ম্যাচ হারের রেকর্ড, যা ১৯১২ সালের পর তাদের অন্যতম বাজে সময়—এই চাপের মধ্যেই গুরুত্বপূর্ণ এই জয় তুলে নেয় চেলসি।
২৩তম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় দলটি। মাঝমাঠে লিডসের পাসকাল স্ট্রুজিক বল হারানোর পর পেদ্রো নেতো নিখুঁত ক্রস করেন, যেখান থেকে হেড করে গোল করেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এটি ছিল সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার ১৩তম গোল।
শেষ পর্যন্ত এই এক গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করেছে চেলসি। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি।
এ জাতীয় আরো খবর..