যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথে অনিশ্চয়তার প্রেক্ষাপটে রবিবার তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৩০ জিএমটি সময় অনুযায়ী ব্যারেলপ্রতি ১০৬.৯৯ ডলারে স্থির হয়।
যদিও দিনের মধ্যে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছিল, তবে সামগ্রিক অস্থিরতায় তা আবারও বেড়ে যায়। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌ-পথগুলোতে পণ্যবাহী জাহাজ চলাচলে অনিশ্চয়তার কারণেই তেলের বাজারে এই অস্থিরতা বিরাজ করছে।
তেলের দাম বাড়লেও এবং কূটনৈতিক অচলাবস্থা সত্ত্বেও সোমবার এশিয়ার শেয়ার বাজারগুলোতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সকালে লেনদেনের শুরুতে জাপানের প্রধান সূচক ‘নিক্কেই ২২৫’ শূন্য দশমিক ৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ‘কসপি’ ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেও এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা চুক্তির শর্ত এখনও চূড়ান্ত হয়নি। এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোর তেলের প্রধান রপ্তানি পথ ‘হরমুজ প্রণালী’ নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র : আল-জাজিরা