চীনে ১০০ কিমি আল্ট্রা ট্রেইলে ইতিহাস গড়লেন বাংলাদেশি ইমামুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১৩:৪৭:৩২ |
চীনের মগাসানে অনুষ্ঠিত ইউটিএমবি সিরিজের ১০০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব দেখিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের আল্ট্রা রানার ইমামুর রহমান। প্রতিকূল আবহাওয়া আর দুর্গম পাহাড়ি পথে লড়াই করে ফিনিশ লাইনে পৌঁছে লাল-সবুজের পতাকা উড়িয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

গত ১০ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন ইমামুর। রেস শুরুর কিছুক্ষণ পরই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি ও তীব্র ঠান্ডা বাতাস।

পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ ট্রেইলে অনেক প্রতিযোগী পিছু হটলেও অদম্য মানসিকতায় নিজের গতি ধরে রাখেন তিনি।

আয়োজকদের তথ্যমতে, ১০০ কিলোমিটার ক্যাটাগরির প্রকৃত দূরত্ব ছিল প্রায় ৮০ কিলোমিটার, যেখানে এলিভেশন গেইন ছিল প্রায় ৪ হাজার ৬০০ মিটার। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫ হাজার প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২০ ঘণ্টা ৩ মিনিটে রেস সম্পন্ন করেন ইমামুর।

রেসের অনুভূতি জানাতে গিয়ে ইমামুর রহমান বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মনোবল ধরে রাখাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফিনিশ লাইনে বাংলাদেশের পতাকা উড়াতে পেরে আমি গর্বিত।

এদিকে রেস ডিরেক্টর জেনলি মা তার পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতে ব্যাক টু ব্যাক ১০০ কিলোমিটার রেসে অংশ নেওয়াই কঠিন। সেখানে জয় অর্জন করা আরো দুরূহ ব্যাপার। ইমামুরকে অভিনন্দন।

উল্লেখ্য, গত ২৫ দিনে টানা তিনটি ট্রেইল রেস সম্পন্ন করে বিরল কৃতিত্ব দেখিয়েছেন এই দৌড়বিদ। ১৫ মার্চ চীনের শিয়ামেনে ৯৭ কিলোমিটার এবং ২৯ মার্চ কংহুয়ায় ৩০ কিলোমিটারের আরেকটি রেস শেষ করেন তিনি। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে থাইল্যান্ডে  ‘ইউটিএমবি এশিয়া মেজর’ সম্পন্ন করার গৌরবও রয়েছে তার।

পেশায় ব্যবসায়ী হলেও আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত দেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন ইমামুর রহমান। সামনে আরো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা ও হাইব্রিড স্পোর্টসে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..