৩৩ বছর পর সিক্যুয়েলে ফিরছেন সঞ্জয় দত্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৫, | ২২:২৭:২২ |
নব্বই দশকের অন্যতম সফল ও কালজয়ী সিনেমা ‘খলনায়ক’ নতুন রূপে পর্দায় ফেরার জন্য প্রস্তুত। অভিনেতা সঞ্জয় দত্ত আনুষ্ঠানিকভাবে তার নতুন প্রজেক্ট ‘খলনায়ক রিটার্নস’-এর ঘোষণা করেছেন। এটি মূল সিনেমার সিক্যুয়েল হিসেবে নির্মিত হবে বলে জানা গেছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ছবিটির একটি সংক্ষিপ্ত টিজার উন্মোচন করা হয়। সেখানে সঞ্জয় দত্তকে তার চিরচেনা ‘বল্লু’ চরিত্রে এক নতুন ও শক্তিশালী লুকে দেখা গেছে। 

সঞ্জয় দত্তের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স’ এবং প্রযোজক অক্ষয় কম্বোজের ‘অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট’ যৌথভাবে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই ও তার প্রতিষ্ঠান ‘মুক্তা আর্টস’ থেকে এই ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনে নিয়েছে। ছবিটির সৃজনশীল পরিচালনার দায়িত্ব পেয়েছেন জিও স্টুডিওসের জ্যোতি দেশপাণ্ডে। 

অনুষ্ঠানে সঞ্জয় দত্ত একটি আবেগঘন বার্তা শেয়ার করেন। তিনি জানান, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় জেল খাটার সময়ই ‘খলনায়ক’-এর কাহিনী এগিয়ে নেওয়ার চিন্তা তার মাথায় আসে। 

অভিনেতা বলেন, ‘জেলে থাকাকালীন আমি বন্দিদের কাছে জানতে চেয়েছিলাম তারা এটি দেখতে আগ্রহী কিনা। প্রায় ৪ হাজার কয়েদি ইতিবাচক সাড়া দেন। আমি তাদের সবাইকে নতুন গল্পের ওপর এক পৃষ্ঠা করে লিখতে বলেছিলাম। সেই ৪ হাজার পৃষ্ঠা পড়তে আমার দীর্ঘ সময় লেগেছে।’

পরবর্তীতে প্যারোলে মুক্তি পেয়ে তিনি সুভাষ ঘাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং তার সম্মতি আদায় করেন। 

সিনেমার প্রত্যাশা নিয়ে ৬৬ বছর বয়সি এই তারকা জানান, তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না। তার মতে, ‘ছবির আসল নায়ক হলো এর চিত্রনাট্য। সেটি নিখুঁত করতে যদি ৬ থেকে ৮ মাস বা তার বেশি সময় লাগে, আমরা তা নেব। যতক্ষণ না চিত্রনাট্য সেই উচ্চতায় পৌঁছাচ্ছে, ততক্ষণ আমরা শুটিং শুরু করব না।’ 

মূল সিনেমার পরিচালক সুভাষ ঘাই সঞ্জয় দত্তের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সঞ্জু এবং মান্যতার দীর্ঘদিনের ইচ্ছা ছিল এটি করার। আমি নিশ্চিত এটি মূল ছবির চেয়েও ভালো কিছু হবে।’

উল্লেখ্য, ১৯৯৩ সালের ‘খলনায়ক’ ছবিতে সঞ্জয় দত্ত (বল্লু), জ্যাকি শ্রফ (রাম) এবং মাধুরী দীক্ষিত (গঙ্গা) অভিনয় করেছিলেন। তবে এর নতুন কিস্তিতে পুরোনো শিল্পীদের দেখা যাবে কিনা, সেটি গোপন রাখা হয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..