প্রথমবারের মতো নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৫, | ১৯:৪৩:৫০ |
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথমবারের মতো নবজাতক ও শিশুদের জন্য বিশেষভাবে তৈরি একটি ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন দিয়েছে। 'আর্টেমেথার-লুমেফ্যান্ট্রিন' নামক এই ফর্মুলেশনটিই প্রথম ম্যালেরিয়ারোধী ওষুধ যা বিশেষভাবে এই মশাবাহিত রোগের সবচেয়ে কম বয়সী ভুক্তভোগীদের জন্য তৈরি করা হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই প্রাক-যোগ্যতা স্বীকৃতি নির্দেশ করে যে ওষুধটি গুণমান, সুরক্ষা এবং কার্যকারিতার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছ। দীর্ঘদিন ধরে শিশুদের চিকিৎসায় বড়দের জন্য তৈরি ফর্মুলেশন ব্যবহার করা হতো, যার ফলে ওষুধের ভুল মাত্রা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং বিষক্রিয়ার ঝুঁকি থেকে যেত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেত্রেয়াসুস এই নতুন উদ্ভাবনকে স্বাগত জানিয়ে বলেছেন, শতাব্দী ধরে ম্যালেরিয়া পরিবার ও সমাজ থেকে স্বাস্থ্য ও সম্পদ কেড়ে নিয়েছে, তবে পরিস্থিতি এখন পাল্টাচ্ছে। নতুন টিকা, উন্নত রোগ নির্ণয় ব্যবস্থা এবং এই বিশেষ ওষুধের মাধ্যমে ম্যালেরিয়া নির্মূল করা এখন আর স্বপ্ন নয়, বরং একটি বাস্তব সম্ভাবনা। তবে এর জন্য টেকসই রাজনৈতিক ও আর্থিক অঙ্গীকার প্রয়োজন বলে তিনি গুরুত্বারোপ করেন।

ডব্লিউএইচও-র তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের ৮০টি দেশে প্রায় ২৮ কোটি ২০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয় এবং এতে মৃত্যু ঘটে ৬ লাখ ১০ হাজার মানুষের। মোট আক্রান্ত ও মৃত্যুর ৯৫ শতাংশই আফ্রিকায় এবং এই মৃত্যুর তিন-চতুর্থাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। বর্তমানে ওষুধের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক সাহায্য হ্রাস পাওয়ার কারণে ম্যালেরিয়া বিরোধী লড়াই কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

সংস্থাটি জানায়, তাদের এই প্রাক-যোগ্যতা নির্ধারণ প্রক্রিয়া সরকারি পর্যায়ে পণ্য ক্রয়কে সহজ করবে। এর ফলে আফ্রিকার ম্যালেরিয়া-প্রবণ এলাকাগুলোতে প্রতি বছর জন্ম নেওয়া প্রায় ৩ কোটি শিশুর দীর্ঘদিনের চিকিৎসার ঘাটতি পূরণ হবে। বিশ্বব্যাপী প্রায় ৭০ শতাংশ দেশে উন্নত নিয়ন্ত্রক ব্যবস্থা না থাকায় ডব্লিউএইচও-র এই আন্তর্জাতিক মানদণ্ড গুণগত স্বাস্থ্য পণ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: ওয়ার্ল্ড হেল্থ ওরগানাইজেশন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..