২৫০০ বছরের পুরোনো স্বর্ণখচিত হেলমেট ফিরল রোমানিয়ায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ২১:৫৩:৫৫ |
ডাকাতির পর ডাচ কর্তৃপক্ষের কাছে ছিল সিসিটিভির ঝাপসা ফুটেজ। যেখানে দেখা যায়, তিনজন ব্যক্তি লোহার লাঠি দিয়ে জাদুঘরের দরজা ভেঙে ফেলছে এবং এরপর বিস্ফোরণ ঘটে। উদ্ধারের আগে আশঙ্কা ছিল, হেলমেটটি হয়তো গলিয়ে ফেলা হয়েছে। কারণ পরিচিতির কারণে হেলমেটটির জন্য গ্রাহক পাওয়া ছিল প্রায় অসম্ভব

আড়াই হাজার বছরের পুরোনো এক অমূল্য স্বর্ণখচিত হেলমেট নেদারল্যান্ডসের জাদুঘর থেকে গত বছর চুরি হয়। রোমানিয়ার জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত স্মারকটি এবার নিজ ঠিকানায় ফিরল। খবর এপি।

অলংকৃত কোতোফেনেস্তি হেলমেট ও সঙ্গে থাকা তিনটি স্বর্ণের বালা ডাসিয়ান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর মধ্যে অন্যতম। গত বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ড্রেন্টস জাদুঘর থেকে এক দুঃসাহসিক ডাকাতিতে চুরি হয়ে যায় স্মৃতিচিহ্নগুলো। ঘটনাটি শিল্পজগতকে নাড়িয়ে দেয়।

১৪ মাসব্যাপী তদন্ত, কূটনৈতিক টানাপড়েন এবং চলমান মামলায় তিন সন্দেহভাজনের বিচার প্রক্রিয়ার মধ্যে অধিকাংশ নিদর্শন গতকাল বুখারেস্টের হেনরি কোয়ান্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সেগুলো কড়া নিরাপত্তায় বুখারেস্টের জাতীয় ইতিহাস জাদুঘরে নেয়া হয়। পরে এগুলো কাচের বাক্সে প্রদর্শন করা হয়, যেখানে পাহারায় ছিলেন মুখোশধারী ও সশস্ত্র নিরাপত্তারক্ষীরা।

জাদুঘরের অন্তর্বর্তী পরিচালক কর্নেল কনস্তান্তিন ইলি বলেন, এসব নিদর্শন সাধারণ কোনো ঐতিহ্য নয়, বরং আমাদের ঐতিহাসিক স্মৃতির প্রতীক। একটি সভ্যতার উত্তরাধিকার, যা আমাদের আজো গড়ে তুলছে।

তিনি আরো বলেন, আমাদের জন্য এটি আনন্দের মুহূর্ত, তবে একই সঙ্গে গভীর চিন্তারও। মাসের পর মাস আমরা এ ভয় নিয়ে ছিলাম যে আমাদের অতীতের একটি অংশ চিরতরে হারিয়ে যেতে পারে। আজ আমরা বলতে পারি, সেই গুরুত্বপূর্ণ সম্পদের একটি বড় অংশ ফিরে এসেছে।

এ প্রত্যাবর্তনকে ‘সবার জন্য আবেগঘন মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেন নেদারল্যান্ডসের ড্রেন্টস জাদুঘরের পরিচালক রবার্ট ভ্যান ল্যাং। তিনি বলেন, নেদারল্যান্ডসের চেয়েও অনেক বেশি গভীর ছিল রোমানিয়ার ক্ষতি ও উদ্বেগ।

চলতি মাসে শুরুতে ডাচ প্রসিকিউটররা আসেন শহরে এক সংবাদ সম্মেলনে উদ্ধারকৃত নিদর্শনগুলো উপস্থাপন করেন। তবে চুরি হওয়া তিনটি স্বর্ণের বালার মধ্যে একটি এখনো খুঁজে পাওয়া যায়নি। ভ্যান ল্যাং জানিয়েছেন, অনুসন্ধান অব্যাহত থাকবে।

ডাকাতির পর ডাচ কর্তৃপক্ষের কাছে ছিল সিসিটিভির ঝাপসা ফুটেজ। যেখানে দেখা যায়, তিনজন ব্যক্তি লোহার লাঠি দিয়ে জাদুঘরের দরজা ভেঙে ফেলছে এবং এরপর বিস্ফোরণ ঘটে। উদ্ধারের আগে আশঙ্কা ছিল, হেলমেটটি হয়তো গলিয়ে ফেলা হয়েছে। কারণ পরিচিতির কারণে হেলমেটটির জন্য গ্রাহক পাওয়া ছিল প্রায় অসম্ভব।

বুখারেস্টের জাদুঘরে প্রদর্শন সম্পর্কে পরিচালক কর্নেল কনস্তান্তিন ইলি বলেন, ‘জনসাধারণের উচিত এ নিদর্শনগুলো উদযাপন করা। শুধু সুন্দর বস্তু হিসেবে নয় বরং একটি কঠিন অভিজ্ঞতার সাক্ষ্য, প্রায় অপূরণীয় ক্ষতির স্মৃতি এবং প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ও কর্তৃপক্ষের অধ্যবসায়ের মাধ্যমে ফিরে আসা এক সাফল্য হিসেবে। আজ এ সম্পদগুলো ঘরে ফিরেছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..