ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ১৪:২২:০৬ |

রাশিয়া ও উত্তর কোরিয়া আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় বাড়াতে সম্মত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার পিয়ংইয়ংয়ের অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার জননিরাপত্তামন্ত্রী পাং টু-সপ এবং রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকলৎসেভ মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। 

বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অর্জন ও অভিজ্ঞতা বিনিময় এবং নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক সংস্থাগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে বৈঠকটি “বন্ধুত্বপূর্ণ পরিবেশে” অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার কর্মসূচিভিত্তিক সফরে পিয়ংইয়ং পৌঁছান রুশ স্বরাষ্ট্রমন্ত্রী কোলোকলৎসেভ। গত এক দশকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ২০২৪ সালে একটি চুক্তির মাধ্যমে দুই দেশ “সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব” প্রতিষ্ঠা করে। ওই চুক্তি অনুযায়ী, কোনো তৃতীয় পক্ষের হামলার শিকার হলে একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

এদিকে, ২০২৫ সালের আগস্টে ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে মাইন অপসারণে সহায়তার জন্য প্রায় এক হাজার সামরিক প্রকৌশলী পাঠায় উত্তর কোরিয়া। এর আগে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিতে আনুমানিক ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের তথ্যমতে, ওই যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় দুই হাজার সেনা নিহত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..