হায়দ্রাবাদ থেকে মুম্বাইয়ে শিফ্ট করছেন আল্লু অর্জুন। নায়কের এই শহর বদল অবশ্য দীর্ঘমেয়াদী নয়। বরং তাঁর পরের প্রজেক্টের জন্য। আরও স্পষ্ট করে বললে, সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্য।
অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন আল্লু ও দীপিকা। সিনেমার একটা বড় অংশের শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। তাঁদের সাই-ফাই সিনেমার বেশ কিছু অ্যাকশন সিক্যুয়েন্সের শুটিংও বাকি রয়েছে। এর মাঝেই রবিবার দ্বিতীয়বার মা হওয়ার খবর সামনে এনেছেন দীপিকা। আর তাই অভিনেত্রীর কাজের ধকল কিছুটা সহজ করে তুলতেই অ্যাটলি ও আল্লু বিশেষ এই সিদ্ধান্ত নিয়েছেন। হায়দ্রাবাদের বদলে মুম্বাইয়ে তারা সিনেমার সেট-আপ সরিয়ে আনছেন। জানা যাচ্ছে, সেখানেই হবে সিনেমার পরের পর্বের শুটিং। প্রেগন্যান্ট অবস্থায় দীপিকাকে অন্য শহরে গিয়ে শুটিংয়ের ধকল যাতে না নিতে হয়, সেটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে।

ইন্ডাস্ট্রির ইনসাইডারদের বক্তব্য, এর জেরে কিছুটা বাড়বে সিনেমার খরচও। তবে নায়িকাকে তুলনামূলক স্বস্তিদায়ক কাজের পরিবেশ দিতে এমন কাজটাই করছেন নির্মাতারা। আর যা হয়েছে আল্লুর ভাবনার জেরেই। তিনিই সিনেমার কাজ যাতে নির্দিষ্ট সময় অনুযায়ী এগোয় এবং পুরো বিষয়টায় যাতে কোনও সমস্যা না তৈরি হয়, সেটা নিশ্চিত করতে চেয়েছেন। সে জন্যই নিজের শহর ছেড়ে কাজের জন্য আপাতত সামনের কিছু দিন মুম্বইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এক পক্ষের তরফে খবর, আল্লুর সঙ্গে তাঁর পরিবারও যাতে থাকতে পারে, সেই ব্যবস্থাও রাখছেন নির্মাতারা। একই বিষয় নিশ্চিত করা হচ্ছে অ্যাটলির জন্যও। কারণ, সোমবারই দ্বিতীয়বার বাবা হওয়ার ঘোষণা সামনে এনেছেন তিনি। তাই সিনেমার সঙ্গে যুক্ত সবার সুবিধের কথা ভেবেই হায়দ্রাবাদের বদলে মুম্বাইয়ে ফিল্মের শেষ অংশের শুটিং সরিয়ে ফেলার বিষয়টা চূড়ান্ত করেন নির্মাতারা। তবে জানা যাচ্ছে, আল্লুর পরিবার হায়দ্রাবাদেই থাকতে চাইছে। মুম্ইোয়ে কাজ সামলে উইকেন্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতে হায়দ্রাবাদে বাড়িতে ফেরার পরিকল্পনাই আপাতত রয়েছে নায়কের। ইতিমধ্যে চলতি মাসেই আল্লুর জন্মদিনে ছবিতে তাঁর লুক ও সিনেমার নাম প্রকাশ্যে আনা হয়েছে। যা নিয়ে বেশ চর্চাও হয়েছে। সবাই আপাতত অপেক্ষায় রয়েছেন দীপিকার লুক ঘিরে। আল্লু-দীপিকার পাশাপাশি বিগ বাজেট এই সিনেমাতে জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর, রাশমিকা মন্দানাদেরও দেখা যাবে।
এ জাতীয় আরো খবর..