২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাকে পরিবর্তন আনে। পোশাক নিয়ে বাহিনীটির মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হওয়ায় ফের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন রঙের পোশাক নির্ধারণ করে ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিক বিভাগের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম জানান, পোশাক পরিবর্তনের জন্য সরকারের কোনো অতিরিক্ত আর্থিক খরচ হবে না।
কারণ, পুলিশ সদস্যদের বাৎসরিক প্রাপ্যতার ভিত্তিতেই নিয়মিত ইউনিফর্ম সরবরাহ করা হয়। প্রজ্ঞাপন জারি হলে পরবর্তী বিতরণের সময় নতুন রঙের পোশাক সরবরাহ করা হবে।
বদলে যেমন হচ্ছে
পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস্ শাখা থেকে পাঠানো প্রস্তাবে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য নতুন রঙের সুপারিশ করা হয়েছে। এতে মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে লাইট অলিভ এবং জেলা ও অন্যান্য পুলিশের শার্টের রং হবে ডিপ ব্লু।
এ ছাড়া সবার প্যান্টের রং হবে খাকি। তবে এ পরিবর্তনের আওতার বাইরে থাকবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব।
পুলিশ সদর দপ্তর গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে, বর্তমান ‘লৌহ’ রঙের শার্ট এবং ‘কফি’ রঙের প্যান্ট প্রবর্তন করার পর থেকেই মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে অস্বস্তি ও বিরূপ মনোভাব দেখা গেছে। পুলিশ সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল বা ব্যঙ্গের শিকার হওয়ায় পেশাগতভাবে হীনম্মন্যতায় ভুগছিলেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’-এর সংশ্লিষ্ট বিধিগুলো সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় এই বিধি সংশোধন ও প্রজ্ঞাপন জারি করলেই দ্রুততম সময়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের গায়ে নতুন রঙের এই ইউনিফর্ম দেখা যাবে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবি, বর্তমান পোশাকের সঙ্গে অন্যান্য কিছু সংস্থার ইউনিফর্মের মিল রয়েছে। এর ফলে সাধারণ মানুষের কাছে পুলিশকে আলাদাভাবে চিহ্নিত করা নিয়ে সমস্যা হচ্ছে। ২০০৩-২০০৪ সালে প্রবর্তিত খাকি ও নীল রঙের পোশাকটিই বাংলাদেশের আবহাওয়া এবং গায়ের রঙের সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ ছিল।
অন্তর্বর্তী সরকারের সময় দ্রুততম সময়ে নেওয়া সিদ্ধান্তে পুলিশ সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছিল। এখন নির্বাচিত সরকারের আমলে সেই ঐতিহ্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।’
এ জাতীয় আরো খবর..