ফিফা বিশ্বকাপ ২০২৬, আর বাকি ৫১ দিন

: সেমিফাইনালে গোলের বন্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২১, | ১২:৩২:৫৮ |
চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৫১ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

বিশ্বকাপে ১০ সেমিফাইনালে গোল হয়েছিল ৫১টি! ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপ থেকে শুরু করে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে এই গোল বন্যা দেখা গিয়েছিল। মানে ম্যাচ প্রতি গড়ে ৫.১ গোল হয়েছিল।

১৯৫৪ সালে জার্মানি ৬-১ গোলে হারায় অস্ট্রিয়াকে, হাঙ্গেরি ৪-১ গোলে উরুগুয়েকে। ১৯৫৮ সালের আসরে ব্রাজিল ফ্রান্সের সঙ্গে জেতে ৫-২ গোলে এবং পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ গোলে জয় পায় সুইডেন। ১৯৬২ সালে ব্রাজিল ৪-২ গোলে চিলিকে এবং চেকোস্লোভাকিয়া ৩-১ গোলে যুগোস্লাভিয়াকে হারায়। 

১৯৬৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে পশ্চিম জার্মানি ২-১ গোলে সোভিয়েত ইউনিয়নকে এবং ইংল্যান্ড ২-১ গোলে পর্তুগালকে হারায়। ১৯৭০ সালে সাত গোলের থ্রিলারে ইতালি ৪-৩ গোলে পশ্চিম জার্মানিকে হারায়, আরেক সেমিফাইনালে ৩-১ গোলে উরুগুয়ের বিপক্ষে জেতে ব্রাজিল।

ওই পাঁচ বিশ্বকাপের সেমিফাইনালের সর্বমোট যতগুলো গোল হয়েছিল, তার চেয়ে দুটি গোল বেশি হয়েছিল পরের ১৩ আসরের সেমিফাইনাল মিলিয়ে (৫৩)।

দুই সেমিফাইনাল মিলে সবচেয়ে বেশি গোল হয়েছিল ১৯৩০ সালে। উরুগুয়েতে প্রথম আসরে আর্জেন্টিনা ও উরুগুয়ে ৬-১ ব্যবধানে জিতেছিল যুক্তরাষ্ট্র ও যুগোস্লাভিয়ার বিপক্ষে। আর সর্বকালের সর্বাধিক গোলের সেমিফাইনাল হয়েছিল ২০১৪ সালে বেলো হরিজন্তেতে। জার্মানি ৭-১ গোলে ব্রাজিলকে উড়িয়ে দেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..