রাতভর ঘুমহীনতা, কোন দুঃসময়ের কথা প্রকাশ্যে আনলেন কাল্কি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১২:৫১:৪৬ |
ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী কাল্কি। বর্তমানে সংসার ও কাজের ব্যস্ততায় স্থির জীবনে থাকলেও অতীতের সেই দুঃসময়ের স্মৃতি এখনও স্পষ্ট তার কথায়।

সম্প্রতি সোহা আলি খান এর আলোচনামূলক অনুষ্ঠানে এসে কাল্কি জানান, একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার জীবনে নেমে এসেছিল অস্থিরতা। শুধু মানসিক দিকেই নয়, তার প্রভাব পড়েছিল শারীরিক অবস্থার ওপরও। দীর্ঘ সময় ধরে তিনি অনিদ্রায় ভুগেছেন, রাতের পর রাত ঠিকমতো ঘুমোতে পারেননি।

অভিনেত্রীর কথায়, সেই সময় প্রায় প্রতি রাতেই হঠাৎ ঘুম ভেঙে যেত। গভীর রাতে, বিশেষ করে দুই থেকে তিনটার মধ্যে জেগে উঠে আর ঘুম আসত না। অসহায় সেই সময় কাটাতে কখনও গিটার হাতে তুলে নিতেন, কখনও নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করতেন। কিন্তু তাতেও মিলত না স্বস্তি।



এই অনিদ্রা ধীরে ধীরে তার দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করতে শুরু করে। কাজের সময়েও বিভ্রান্তি তৈরি হতো, কখনও মনে হতো তিনি বাস্তবে আছেন, না কি স্বপ্ন দেখছেন তা বুঝতে পারছেন না। টানা কয়েক মাস এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।

এই অভিজ্ঞতা থেকেই জীবনের একটি গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা জানিয়েছেন কাল্কি। তার মতে, মন ও শরীরের মধ্যে গভীর যোগ রয়েছে। মানসিক আঘাত শরীরেও সমানভাবে প্রভাব ফেলে এই সত্য তিনি নিজের জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করেছেন।

উল্লেখ্য, একসময় পরিচালক অনুরাগ কাশ্যপ এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন কাল্কি। পরে সেই সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে তিনি সঙ্গী গাই হার্শবার্গ এর সঙ্গে একত্রে বসবাস করছেন। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে, যার জন্ম ২০২০ সালে।

অতীতের সেই অন্ধকার সময় পেরিয়ে আজ অনেকটাই স্থির জীবনে ফিরেছেন কাল্কি। তবে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে যেন আবারও মনে করিয়ে দিলেন, মানসিক সুস্থতা কতটা গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..