আসন্ন ২০২৬ সালের হজ মৌসুমকে নির্বিঘ্ন করতে অননুমোদিত হজ পালন ও এতে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিয়ম ভঙ্গকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
আগামী শনিবার (১৮ এপ্রিল) থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। নতুন নিয়ম অনুযায়ী, বৈধ পারমিট বা ভিসা ছাড়া হজ পালনের চেষ্টা করলে কিংবা মক্কা ও আশপাশের পবিত্র স্থানে অবৈধভাবে প্রবেশ ও অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। নির্ধারিত সময়ের নিয়ম ভঙ্গকারী ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও এই জরিমানা প্রযোজ্য হবে। এছাড়া অনুমতি ছাড়া মক্কায় প্রবেশকারী বা মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
অন্যদিকে, অবৈধভাবে হজ পালনে সহায়তাকারীদের জন্য আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অননুমোদিত ব্যক্তিদের ভিসা, পরিবহন কিংবা হোটেল-অ্যাপার্টমেন্ট বা বাসায় থাকার ব্যবস্থা করে দিলে সহায়তাকারীকে সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এমনকি অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে এই জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি, আদালত চাইলে অপরাধে ব্যবহৃত যানবাহনও জব্দের নির্দেশ দিতে পারে।
বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশে লাখো মুসল্লির নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই মূলত এমন পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে সবাইকে হজের যাবতীয় নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম নজরে এলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: গালফ নিউজ