✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের স্পিনময় ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন উইল জ্যাকস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ১১:৩১:১১ |
শ্রীলঙ্কার কলম্বোতে আরও একবার স্পিন ভেলকি দেখল ক্রিকেট বিশ্ব। এ নিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার ক্রিকেটভক্তরা স্পিনময় ম্যাচের সাক্ষী হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেওয়ার ম্যাচটিতে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার উইল জ্যাকস। গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে ইংল্যান্ড ৭ ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে, এর মধ্যে জ্যাকস চারবারই ম্যাচসেরা হয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ চারটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডটি এতদিন দখলে ছিল সাবেক অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনের। ২০১২ আসরে ওই কীর্তি গড়েন ওয়াটসন। এবার ২০২৬ বিশ্বকাপে তার সমান ৪ ম্যাচে ম্যাচসেরা হওয়ার রেকর্ড গড়লেন উইল জ্যাকস। এ ছাড়া এক আসরে তিনবার ম্যাচসেরা হয়েছিলেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক সিকান্দার রাজা।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬০ রানের লক্ষ্য তাড়ায় ৩ বল এবং ৪ উইকেট হাতে রেখেছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে তারা সেমিফাইনালে নামবে। ইংলিশদের জয়ের ম্যাচটিতে শেষদিকে কিউইদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় জ্যাকস ও রেহান আহমেদ জুটি। সপ্তম উইকেটে তারা ১৬ বলে ৪৪ রান তোলেন। ১৮ বলে ৪ চার ও এক ছক্কায় ৩২ রান করেন জ্যাকস। এর আগে বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করায় তার হাতেই উঠল ম্যাচসেরার পুরস্কার।



এর আগে নেপালকে হারানোর পথে অপরাজিত ৩৯ রানের ঝোড়ো ক্যামিও এবং ১৭ রানে ১ উইকেট, ইতালির বিপক্ষে অপরাজিত ৫৩ রান এবং ৩৪ রানে ১ ‍উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রান এবং ২২ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন জ্যাকস। সেমিফাইনাল এবং সেখানে জিতলে ফাইনাল খেলার সুযোগ থাকায় ওয়াটসনকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে তার সর্বোচ্চবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডও হাতছানি দিচ্ছে।

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচটিতে ৪০ ওভারের মধ্যে ৩১ ওভারই করেছেন স্পিনাররা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ। এর আগে চলমান আসরের ভারত-পাকিস্তান ম্যাচেও স্পিনাররা মোট ৩১ ওভার করেছিলেন। এ ছাড়া শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে স্পিনারদের ওভারসংখ্যা ৩০। তিনটি ম্যাচই হয়েছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তিনটি যথাক্রমে টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্দিষ্ট আসরে সর্বোচ্চ স্পিন-ওভার করার রেকর্ড। এর আগে ২০১২ আসরেও কলম্বোর এই মাঠে স্পিনারদের ২৬ ওভার করার রেকর্ড আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..