নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি পেল দুই ভাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৪, | ১৯:০৮:৫৯ |
নাটোরের সিংড়ায় বাড়ির পাশে নাগর নদীতে মাছ ধরতে গিয়ে পিস্তলের ৫০ রাউন্ড গুলি কুড়িয়ে পেয়েছে দুই ভাই। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পানি কমে যাওয়ায় বাড়ির পাশে নাগর নদীতে মাছ ধরতে যান স্থানীয় জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)। একপর্যায়ে তারা নদীতে ভাসমান অবস্থায় মাঝারি আকারের একটি প্লাস্টিকের বক্স পায়। বক্সটি নিয়ে তারা বাড়িতে ফিরে তাদের মায়ের কাছে দেয়।

শিশুদের মা মরিয়ম বেগম জানান, ছেলেরা মাছ ধরতে গিয়ে একটি বক্স নিয়ে বাড়িতে ফেরে। বক্সটি খুললে ভেতরে পিস্তলের অনেকগুলো গুলি দেখতে পায়। বিষয়টি বুঝতে পেরে তিনি থানায় খবর দেন।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে বক্সটি জব্দ করে। বক্সের ভেতর থেকে পিস্তলের ৫০ রাউন্ড গুলি এবং অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম পাওয়া যায়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বক্সে থাকা ৫০ রাউন্ড গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নদী থেকে শিশুরা এটি পেয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, এতগুলো গুলি নদীতে কীভাবে এলো এবং কারা এগুলো ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..