বয়স দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে যে মাপা যায় না, সেটা এখন অনেক পুরনো কথা। ৪১ এ পা দিলেও যেন থামার নাম নেই এই ফরোয়ার্ডের। মাঠে নামলেই গোল করাকে নিয়মে পরিণত করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় আরও একবার নিজের জাত চেনালেন রোনালদো।
সৌদি প্রো লিগে আল হাজেমকে ৪-০ গোল বিধ্বস্ত করেছে আল নাসর। রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে আল নাসরের এই জয়ের নায়ক রোনালদো; জোড়া গোল করেছেন পর্তুগিজ তারকা। তাতেই দারুণ এই রেকর্ড গড়লেন তিনি। আল হাজেমের বিপক্ষে দুইবার জালে বল জড়িয়ে ৩০ পার হওয়ার পর ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। এই কীর্তি নেই আর কোনো ফুটবলারের।
আল হাজেমের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল আল নাসর। ২২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। দুইয়ে নেমে গেছে আল হিলাল। সমান ম্যাচে তাদের পুঁজি ৫৪ পয়েন্ট। ৫৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আল আহলি। টেবিলের ১২ নম্বরে আছে আল হাজেম; তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট।
দুই অর্ধে সমান দুইবার করে আল হাজেমের জালের ঠিকানায় বল পাঠায় আল নাসর। দলের হয়ে প্রথম এবং শেষ গোলটি করেন রোনালদো। মাঝে একবার করে স্কোরশিটে নাম লেখান কিংসলে কোমান ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।